উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ২৪ থেকে ৩০ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় রোভার মুট। পূর্বাচল ১ নম্বর সেক্টরে ৩০০ ফুট সড়ক সংলগ্ন ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে সাত দিনব্যাপী এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় আয়োজিত এই রোভার মুটের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
বুধবার ১৪ অক্টোবর মাউশি সূত্রে জানা গেছে, স্কাউটিং কার্যক্রম জোরদার ও তরুণের দক্ষতা বিকাশের লক্ষ্যে চার বছর পর পর জাতীয় রোভার মুটের আয়োজন করা হয়। এ বছরের আয়োজন সুষ্ঠুভাবে বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে ৭৭ সদস্যের একটি শক্তিশালী সাংগঠনিক কমিটি গঠন করেছে সরকার।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো নির্দেশনায় জানানো হয়েছে, এবারের মুটে সারা দেশের ৬৪টি জেলা থেকে প্রায় দুই হাজার রোভার স্কাউট দল অংশ নেবে। প্রতিটি দল গঠিত হবে ৮ জন দীক্ষাপ্রাপ্ত রোভার স্কাউট এবং ১ জন প্রশিক্ষণপ্রাপ্ত রোভার স্কাউট লিডারের সমন্বয়ে। ছেলেদের দলের সাথে পুরুষ লিডার এবং মেয়েদের দলের সাথে অবশ্যই নারী লিডার থাকতে হবে।
জাতীয় রোভার মুটে অংশগ্রহণের জন্য নির্ধারিত ফরম পূরণ করে আগামী ২০ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন ফি পাঠাতে হবে। প্রতি দলের জন্য রেজিস্ট্রেশন ফি ৩ হাজার টাকা ধরা হয়েছে যা কাকরাইলে জাতীয় স্কাউট ভবনের রোভার অঞ্চল অফিসে জমা দিতে হবে। অংশগ্রহণকারীদের অবশ্যই কমপক্ষে প্রশিক্ষণ স্তরের রোভার হতে হবে এবং সাঁতার জানা বাধ্যতামূলক করা হয়েছে।