উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় আদালতে আরও একজন সাক্ষ্য দিয়েছেন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে পুলিশের তৎকালীন মোহাম্মদপুর জোনের ডিবির পরিদর্শক মনিরুজ্জামান সাক্ষ্য দেন। তাঁর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম তাঁকে জেরা করেন।
এ নিয়ে মামলায় মোট ২৮ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, জেরা শেষে আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১১ জানুয়ারি দিন ধার্য করেছেন। একই সঙ্গে মামলার বাদী বদিউল আলম মজুমদারকে আবার জেরার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায় আসামিদের মধ্যে ছয়জন আদালতে হাজিরা দেন। এ মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাইমুল হাসানসহ ৯ জন আসামি সবাই জামিনে আছেন। মীর আমজাদ হোসেনসহ তিনজন অনুপস্থিত থাকায় আদালত আইনজীবীর সময়ের আবেদন মঞ্জুর করেন।
২০১৮ সালের ১০ আগস্ট রাতে বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার মোহাম্মদপুর থানায় মামলাটি করেন। তদন্ত শেষে ২০২১ সালের ১৮ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয় এবং ২০২২ সালের ২৮ মার্চ সাক্ষ্য গ্রহণ শুরু হয়।