উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহী মহানগরীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন প্রতারণার মাধ্যমে আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় এবং এ সময় রাজশাহী ও বগুড়ায় আত্মসাৎ করা দুটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। বুধবার (১৪ অক্টোবর) আরএমপি মিডিয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর সাহেববাজারের আশা জুয়েলারি স্টোরে এক ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর সৈনিক পরিচয় দিয়ে আসেন এবং ২৭ সেপ্টেম্বর ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন কিনতে গিয়ে ১১৫টি এক হাজার টাকার জাল নোট দেন। দোকানমালিকের বাবা নোটগুলো যাচাই করতে গেলে সেই সুযোগে ওই ব্যক্তি চেইনটি নিয়ে পালিয়ে যান। পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএমের নির্দেশনায় তদন্ত শুরু করে পুলিশ ১৩ অক্টোবর ঢাকার খিলক্ষেত থেকে মো. রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজুল জানান যে তিনি স্বর্ণের চেইনটি খিলক্ষেতের মা জুয়েলার্সের মালিক মো. রোমানের কাছে বিক্রি করেছিলেন, যার সূত্র ধরে রোমানকেও গ্রেপ্তার করা হয় এবং তাঁর কাছ থেকে রাজশাহীর স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়। এ ছাড়া তদন্তে জানা যায়, একই কৌশলে গত ৬ অক্টোবর বগুড়ার তামান্না জুয়েলার্স থেকেও ১ লাখ ২২ হাজার টাকা মূল্যের আরেকটি স্বর্ণের চেইন আত্মসাৎ করেছিলেন রিয়াজুল, যা পুলিশ উদ্ধার করেছে।
অভিযানকালে রিয়াজুলের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার ৯৭২ টাকা জব্দ করা হয় এবং জানা যায় যে তাঁর বিরুদ্ধে রংপুরের বদরগঞ্জ থানা ও ডিএমপির খিলক্ষেত থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা রয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আরএমপি।