উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গুপ্তচরবৃত্তির সন্দেহে জাপানের ‘দ্য হোক্কাইদো শিম্বুন প্রেস’-এর এক সংবাদদাতাকে আটকের কথা জানিয়েছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস। রুশ কর্তৃপক্ষের দাবি, তিনি রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা-সংর্কান্ত তথ্য সংগ্রহ করছিলেন এবং জাপান সরকার এ ঘটনায় মস্কোর কাছে অবিলম্বে তথ্য চেয়েছে।
এফএসবির বরাত দিয়ে জাপানের গণমাধ্যম জানায়, রুশ দূরপ্রাচ্যের শাখালিন অঞ্চলের ব্যুরোতে কর্মরত ওই সাংবাদিককে রাশিয়া ছাড়ার ঠিক আগে আটক করে মস্কোয় নেওয়া হয়। রুশ কর্তৃপক্ষের অভিযোগ, জাপানি গোয়েন্দা সংস্থার নির্দেশে তিনি প্রতিরক্ষা-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করেছিলেন এবং আদালত তাঁকে প্রায় দুই মাস আটক রাখার নির্দেশ দিয়েছেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, বিদেশি সাংবাদিক হিসেবে নিবন্ধিত নিজেদের প্রতিনিধিকে ব্যবহার করে রাশিয়ার নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা দুঃখজনক। জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি কিহারা মিনোরু জানান, সরকার এখনো আটক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারেনি এবং জাপানি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে টোকিও প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
পরিস্থিতি স্পষ্ট করতে গত ১৪ অক্টোবর জাপানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত নিকোলাই নোজদ্রেভকে তলব করে জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে এতোরোফু দ্বীপে চীনা প্রতিনিধিদের সফর নিয়েও তীব্র প্রতিবাদ জানায় জাপান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চলা দ্বীপ বিরোধের স্থায়ী সমাধানের কথা তুলে ধরে।