উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লালমনিরহাটের পাটগ্রামে ভারত থেকে আমদানীকৃত ভুট্টাবীজ বিধিবহির্ভূতভাবে প্যাকেটজাত করার অভিযোগ উঠেছে। উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা প্রশাসন গোডাউন সিলগালা করে বীজের নমুনা সংগ্রহ করে জেলা পরীক্ষাগারে পাঠিয়েছে। মৌসুম শুরুর আগে সার, বীজ ও কীটনাশক নিয়ে সাধারণ কৃষকদের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
বিজেতা সীডস নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের চ্যাংড়াবান্ধার গুহা ইন্টারন্যাশনালের নিকট থেকে হিলি স্থলবন্দর দিয়ে গত ২৭ সেপ্টেম্বর ৬০ মেট্রিক টন ভুট্টাবীজ আমদানি করে। এর মধ্যে ৫ মেট্রিক টন ভুট্টাবীজ আগে বিক্রি করে বাকি ৫৫ মেট্রিক টন শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে একটি গোডাউনে সংরক্ষণ করা হয়। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাহুবলী ৫৫৫ সহ বিভিন্ন মোড়কে প্যাকেটজাত করার সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি বিশাল দাশ অভিযান চালান।
লালমনিরহাট জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা শামীমুর রহমান জানান, সংগৃহীত ভুট্টাবীজের নমুনা রংপুর জেলা আঞ্চলিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে এবং রেজাল্ট আসতে আট-দশ দিন সময় লাগতে পারে। বিজেতা কোম্পানির নকল ভুট্টাবীজ, সার এবং কীটনাশক বিক্রির অভিযোগে আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের চৌরাস্তা মোড়ে মানববন্ধনের ডাক দিয়েছে সর্বস্তরের সাধারণ কৃষক। হাতীবান্ধা উপজেলার কৃষক নার্গিস নাহারসহ অনেকেই গত বছর এই বীজ কিনে প্রতারিত হওয়ার কথা জানিয়েছেন।