উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বগুড়ার ধুনটে বয়স্ক মানুষের মাঝে পবিত্র কুরআনের বিশুদ্ধ শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ইমামদের নিয়ে ১২ দিনব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। মাদানী পদ্ধতিতে বয়স্ক কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের উদ্যোগে উপজেলার কাশিয়হাটা মহিউচ্ছুন্নাহ হাফিজিয়া মাদরাসায় এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
এ কার্যক্রমে অংশগ্রহণকারী ইমামদের কাছ থেকে কোনো ফি নেওয়া হচ্ছে না এবং প্রতিদিন দুপুরের খাবারও বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন যোহরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত চলা এই প্রশিক্ষণে বিভিন্ন মসজিদের ইমামরা বয়স্কদের কুরআন শিক্ষা দেওয়ার পদ্ধতি শিখছেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ইমামরা নিজ নিজ এলাকায় ছয় মাসব্যাপী বয়স্ক কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন এবং বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা হবে। ঢাকার উত্তরায় অবস্থিত এই বোর্ডের সিনিয়র মুআল্লিম মাওলানা রবিউল ইসলাম এই প্রশিক্ষণ প্রদান করছেন।
প্রশিক্ষক মাওলানা রবিউল ইসলাম বলেন, বয়স্কদের মধ্যে শুদ্ধভাবে পবিত্র কুরআন শেখার আগ্রহ তৈরি করা এবং সহজ পদ্ধতিতে তাঁদের কুরআন শিক্ষা দেওয়ার উপযোগী করে ইমামদের গড়ে তোলাই এ প্রশিক্ষণের উদ্দেশ্য। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী প্রশিক্ষণ কর্মশালা সিরাজগঞ্জের সীমান্ত বাজার মাদরাসায় অনুষ্ঠিত হবে।