উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি হলুদ রঙের মিনি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ৮ নম্বর কুটি ইউনিয়নের আতকাপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে কসবা থানা-পুলিশের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন মিনি কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কসবা উপজেলার আতকাপাড়া গ্রামের মো. গোলাম কিবরিয়া ওরফে রবিন এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মুকিমপুর গ্রামের আমিনুল ইসলাম ওরফে সিজান। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল বিধি অনুযায়ী জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।