উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারের মুখে জুলাই গণ-অভ্যুত্থানের কথা থাকলেও তাদের অন্তরে আওয়ামী লীগ রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, সরকার রাষ্ট্র সংস্কারের পরিবর্তে ক্ষমতাকেন্দ্রিক ব্যবসা ও আওয়ামী লীগকে পুনর্বাসনের পথে হাঁটছে।
হাসনাত আবদুল্লাহ বলেন, তাঁরা রাষ্ট্রকাঠামোর পরিবর্তন চেয়েছিলেন, কিন্তু বাস্তবে কেবল চেয়ার বদল হয়েছে এবং রাষ্ট্রের কোনো কাঠামোগত পরিবর্তন হয়নি। তিনি আরও বলেন, ফিটনেসবিহীন গাড়িতে দক্ষ চালক বসালেও গন্তব্যে পৌঁছানো সম্ভব নয় এবং রাষ্ট্রের কাঠামো ঠিক না হলে সরকার সফল হবে না। এছাড়া জুলাইয়ের হত্যা মামলাগুলোতে ভুক্তভোগীদের সঙ্গে আলোচনা না করে ঢালাওভাবে আসামি করার ফলে মামলাগুলো বাণিজ্য হয়ে উঠছে বলে অভিযোগ করেন তিনি।
আলোচনা সভায় এনসিপির যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন বলেন, জুলাই গণহত্যার বিচার এখন দায়সারা বিষয়ে পরিণত হয়েছে এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুবাইয়ে আটক ও ছাড়া পাওয়ার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবি জানান।
এনসিপির যুগ্ম সদস্যসচিব হুমায়রা নূর বলেন, মামলার তদন্তের দায়িত্বে থাকা কিছু পুলিশ সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে এবং নির্দোষ ব্যক্তিদেরও আসামি করা হচ্ছে। শহীদদের আত্মত্যাগের প্রতি দায়বদ্ধতা থেকে বিচারকাজে সর্বোচ্চ আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। সভায় আরও অনেকে বক্তব্য দেন।