উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর জন্য দরপত্র দাখিলের সময়সীমা চার মাস বাড়ানো হয়েছে। বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০২৬ এর আওতায় ৩০ নভেম্বর দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিগুলো এখন ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত দরপত্র জমা দিতে পারবে। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বের বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক তেল কোম্পানির সাথে সম্প্রতি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই মূলত ডাটা সেলস প্যাকেজ সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে দরপত্র দাখিলের সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, সময় বৃদ্ধি এবং ডাটা প্যাকেজ সহজলভ্য করায় আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর এই বিডিং রাউন্ডে অংশগ্রহণের আগ্রহ বহুগুণ বেড়ে যাবে। এর ফলে দেশের অফশোর এলাকায় জ্বালানি অনুসন্ধান কার্যক্রম আরও বেগবান হবে বলে মনে করা হচ্ছে।