উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ বিমানবাহিনী প্রথমবারের মতো আটটি দেশের বিমানবাহিনীর অংশগ্রহণে বৃহৎ পরিসরের একটি বহুজাতিক বিমান মহড়ায় অংশ নিয়েছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর ভারতের রাজস্থানের যোধপুর বিমানঘাঁটিতে তরঙ্গ শক্তি-২৬ নামের এই মহড়া অনুষ্ঠিত হয়। ভারতীয় হাইকমিশন বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে জানায় যে মহড়াটির এটি ছিল দ্বিতীয় সংস্করণ।
মহড়ায় বাংলাদেশ ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর উড়োজাহাজ অংশ নেয়। এছাড়া আরও ৩২টি দেশের প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে এই মহড়ায় উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিমানবাহিনীর ১৯ সদস্যের একটি দলে পাইলট ও কারিগরি কর্মীরা ছিলেন এবং আরও দুজন সদস্য পর্যবেক্ষক হিসেবে যোগ দেন।
এই অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ বিমানবাহিনী প্রথমবারের মতো এ ধরনের বৃহৎ পরিসরের বহুজাতিক বিমান মহড়ায় যুক্ত হলো। এর মাধ্যমে সদস্যরা বহুজাতিক বিমান পরিচালনা কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান। সমন্বিত কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক শিক্ষা ও সক্ষমতা বাড়ানোই ছিল এই মহড়ার লক্ষ্য।