উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শক সভার ফাঁকে দেশটির তিন মন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, তৈরি পোশাক ও ওষুধশিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
কিরগিজস্তানের অর্থনীতি ও বাণিজ্যবিষয়ক উপমন্ত্রী মেদের তুমানোভের সঙ্গে বৈঠকে দ্বৈত কর পরিহার, বিনিয়োগ সুরক্ষা চুক্তি এবং যৌথ অর্থনৈতিক কমিশন গঠনের বিষয়ে আলোচনা করেন তারা। দেশটির শ্রম, সামাজিক নিরাপত্তা ও অভিবাসনবিষয়ক প্রথম উপমন্ত্রী আরলেন আলিয়াসোভের সঙ্গে বৈঠকে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি এবং সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। কিরগিজস্তানে নির্মাণ, বস্ত্র, ওষুধশিল্প, কৃষি ও ডিজিটাল সেবায় কর্মীর চাহিদা রয়েছে।
বিজ্ঞান, উচ্চশিক্ষা ও উদ্ভাবনবিষয়ক মন্ত্রী গুলজাত ইসামাতোভার সঙ্গে বৈঠকে শিক্ষার্থী বিনিময়, বৃত্তি, যৌথ গবেষণা ও ভিসা সহজীকরণ নিয়ে আলোচনা করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। এসময় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন গুলজাত ইসামাতোভা। জিএসপি সুবিধা কাজে লাগানোর পাশাপাশি বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে এই বৈঠকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।