উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঝাঁকঝমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ২০২৬ সালের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং সহকারী শিক্ষক জনাব হিমাংশু কুমার মন্ডল-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। একই সাথে দীর্ঘ শিক্ষাজীবনে সুনামের সহিত শিক্ষা দান এবং আলো ছড়ানোর স্বীকৃতিস্বরূপ অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব হিমাংশু কুমার মন্ডলকে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, শিক্ষার্থীরাই আগামীর সুনাগরিক ও দেশ গড়ার কারিগর। তাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। বিদায়ী শিক্ষক হিমাংশু কুমার মন্ডলের দীর্ঘ ও নিরবচ্ছিন্ন অবদানের প্রশংসাগাঁথা স্মরণ করে তিনি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষকের স্মরণে উপহার সামগ্রী ও মানপত্র প্রদানের মাধ্যমে আবেগময় পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।