উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য গতকাল বুধবার রাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান জানান, চিকিৎসা শেষে দেশে ফেরার সময় মির্জা আব্বাসের সঙ্গে তাঁর স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস ছিলেন। দীর্ঘ প্রায় পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর তিনি একবার দেশে ফিরেছিলেন। পরবর্তীতে গত ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার জন্য তিনি আবারও মালয়েশিয়া গিয়েছিলেন এবং দেশটির প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে তাঁর চিকিৎসা চলে।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর গত ১৫ মার্চ তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সিঙ্গাপুরে দেড় মাস চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল।