উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম ডনকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও ১ জন শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন এবং নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির জানান, আল খায়ের স্কুলের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে থাকা অবস্থায় ছাদ ধসে পড়ে। এর ফলে শিক্ষার্থীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। উদ্ধারকারী দল সব ধ্বংসস্তূপ সরিয়ে ফেলেছে এবং ঘটনাস্থলে আর কোনো আহত শিশু নেই বলে তাঁর কার্যালয় থেকে জানানো হয়। দুর্ঘটনার পর লেডি রিডিং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
স্কুলের ছাদ ধসে শিশুদের মৃত্যুর ঘটনায় খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্ডি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এ ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন ও ছাদ ধসে পড়ার কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। গভর্নর এক বিবৃতিতে নিরপরাধ শিশুদের প্রাণহানিকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।
সামিউল্লাহ নামের এক অভিভাবক স্কুলের ছাদ ধসে পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান যে তিনি আট বছরের কম বয়সী তিনটি মেয়েশিশুকে উদ্ধার করেছেন এবং তাঁদের ছয় সন্তান এই স্কুলে পড়ে। উল্লেখ্য, গত রোববার কেন্দ্র সরকার থেকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গভর্নরের শাসন ও জরুরি অবস্থা জারি করা হয়।