উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে বাংলাদেশের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা ভালো হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি এবং বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নাইজেল ক্লার্কের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।
ব্যাংক খাতের পুনঃমূলধনীকরণ নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বৈঠকে ব্যাংকের পুনঃমূলধনীকরণ, করব্যবস্থা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সামগ্রিকভাবে বৈঠকের আলোচনা ভালো হয়েছে এবং অংশীদারত্বের ভিত্তিতে কাজ করার বিষয়ে উভয় পক্ষের আগ্রহ রয়েছে। বাংলাদেশের সংস্কার কার্যক্রমের বিশ্বাসযোগ্যতা নিয়ে আইএমএফ প্রশ্ন তুলেছে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী তা নাকচ করেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইএমএফের সাথে গত কয়েক দিনে বাংলাদেশের সংশ্লিষ্ট দলগুলোর দীর্ঘ আলোচনা হয়েছে। এসব আলোচনায় পাওয়া তথ্য ও অগ্রগতির ভিত্তিতে আজকের বৈঠক হয়েছে। বাজেট-পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আইএমএফ ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ যে অর্থনৈতিক পরিস্থিতি উত্তরাধিকারসূত্রে পেয়েছে এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বিবেচনায় নিলে দেশের অগ্রগতি সন্তোষজনক বলে মনে করছে আইএমএফ।
নতুন কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। আগামী দিনগুলোতে আলোচনা অব্যাহত থাকবে। আলোচনার মধ্য দিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ যে অগ্রগতি অর্জন করেছে, তা নিয়ে আইএমএফ সন্তুষ্ট।