উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কমলাপুর রেলওয়ে ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত মঙ্গলবার ও গতকাল বুধবার পৃথক এই অভিযানে আমদানি-নিষিদ্ধ ক্রিম, সোনা ও মদসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ইথিওপিয়ান এয়ারলাইনসের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৫৫ কেজি ওষুধ জব্দ করা হয়। এ ছাড়া বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ ও পরিত্যক্ত কার্টন থেকে সিগারেট, প্রসাধনসামগ্রী ও সোনার গয়না উদ্ধার করা হয়। দুই দিনের অভিযানে মোট ৫৩১ কার্টন বিদেশি সিগারেট, ১০০ গ্রাম সোনার গয়না এবং ৩২টি ল্যাপটপ জব্দ করা হয়েছে। পাশাপাশি ১৭ লিটার মদ, প্রায় ৫৫ কেজি ওষুধ ও ৬৪ কেজির বেশি ফর্সাকারী ক্রিম জব্দ করা হয়েছে।
মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশনের ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে ৭ হাজার ৭৮৭টি ফর্সাকারী ক্রিম ও ৩১টি ল্যাপটপ জব্দ করা হয়। এই পণ্যগুলো বিমানবন্দর ও রেলপথ ব্যবহার করে চট্টগ্রামে পাঠানোর পরিকল্পনা ছিল বলে জানায় কাস্টমস। এর মাধ্যমে বিমানবন্দর, ডাক বিভাগ ও রেলপথ ব্যবহার করে পণ্য পরিবহনের একটি চোরাচালান কৌশল শনাক্ত হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিকিৎসকের পরামর্শ ছাড়া যৌন উত্তেজক ওষুধের ব্যবহার এবং তাপমাত্রা বজায় না রেখে ইনসুলিন পরিবহন ঝুঁকিপূর্ণ। ওষুধের অবৈধ বাণিজ্য প্রতিরোধের পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও এই অভিযানে বিশেষ গুরুত্ব পেয়েছে। চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর, ডাক ও রেলপথে নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।