উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের বিহারের বৈশালী জেলায় হিন্দু ধর্মীয় উৎসবে যাওয়ার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা গঙ্গা নদীতে ডুবে গেছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৩ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে পাটনা থেকে এএফপি এই তথ্য জানিয়েছে।
অন্ধকারের মধ্যে স্থানীয় বাসিন্দারা মোবাইল ফোনের আলো ব্যবহার করে পানিতে তল্লাশি চালান এবং যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন। গ্রামবাসী রবি যাদব জানান, নৌকাটি ডুবে যাওয়ার সময় হঠাৎ শিশুদের চিৎকার ও সাহায্যের আকুতি শোনা যায়। মোবাইল ফোন ও টর্চের আলো ব্যবহার করে তখন মাত্র তিন শিশুকে উদ্ধার করা সম্ভব হয়।
নৌকাটি ছোট এবং ভালো অবস্থায় ছিল না বলে জানান আরেক গ্রামবাসী রামলক্ষণ রাই। মাত্র কয়েকজন যাত্রী বহনের উপযোগী ওই নৌকায় গাদাগাদি করে অনেক মানুষ উঠেছিলেন। তিনি বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক এবং কয়েকটি পরিবার তাদের সব সন্তানকে হারিয়েছে।
এ ঘটনায় মোট ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে দুজন শিশু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাকর্মী নির্মল কুমার জানান, চার শিশু ও দুই প্রাপ্তবয়স্ককে জেলা হাসপাতালে পাঠানো হলেও ১৩ জনের আগেই মৃত্যু হয়েছিল। বৈশালী জেলার জেলা ম্যাজিস্ট্রেট বর্ষা সিং জানিয়েছেন, এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, বিহারের বৈশালীতে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এ সময় তিনি নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।