উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নওগাঁর বদলগাছী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমানের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা বর্জন করেছেন বদলগাছী উপজেলা প্রেসক্লাব ও বদলগাছী সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকরা। সভা আয়োজনে বৈষম্য ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে প্রতিবাদস্বরূপ তাঁরা একযোগে এ সিদ্ধান্ত নেন। ১৫-১০-২০২৬ ইং তারিখ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বদলগাছী থানা প্রাঙ্গণে এই সভা শুরু হয়।
সভা শুরুর পর উপস্থিত সাংবাদিকদের পরিচয়পর্ব শেষ হতেই ওসির বৈষম্যমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা সভাস্থল ত্যাগ করেন। এ সময় বদলগাছী উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সংবাদকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পেশাগত কাজের ক্ষেত্রে স্থানীয় সাংবাদিকদের মাঝে একটি বৈষম্যমূলক পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এর আগে বদলগাছী থানায় দায়িত্ব পালনকারী কোনো কর্মকর্তা কিংবা জেলার পুলিশ সুপার (এসপি) মহোদয়ও কখনও সাংবাদিকদের মাঝে এমন বিভাজন সৃষ্টি করেননি।
ইতিপূর্বে সব সাংবাদিকদেরকে এক প্ল্যাটফর্মে রেখে উন্মুক্ত মতবিনিময় করা হতো বলে জানান সাংবাদিকরা। কিন্তু নবাগত ওসির এই পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদেই সাংবাদিক সমাজ বাধ্য হয়ে এ সভা বয়কট করেছে বলে তারা উল্লেখ করেন।