উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় হাসিনা খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চাটমোহর-টেবুনিয়া আঞ্চলিক সড়কের ভবানীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিনা খাতুন পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার দিকমারি দেওয়ানপাড়া গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী। আহত ব্যক্তিরা হলেন নিহতের স্বামী গোলাম মোস্তফা, আব্দুল হামিদ জিন্নাহ এবং মো. মিনাজ উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাবনা থেকে চাটমোহরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা ভবানীপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সড়কের পাশে উল্টে গেলে যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয়দের সহায়তায় যাত্রীদের উদ্ধার করে প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয় এবং কর্তব্যরত চিকিৎসক হাসিনা খাতুনকে মৃত ঘোষণা করেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।