উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যে পরিবারে মা শিক্ষিত, সে পরিবারের সন্তান অশিক্ষিত হতে পারে না বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। বৃহস্পতিবার দুপুরে চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহিরুল ইসলাম হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের সম্মাননা প্রদানের পাশাপাশি এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়।
এ সময় শিক্ষার্থীদের সাফল্য, শিক্ষার মানোন্নয়ন এবং সন্তানদের শিক্ষাজীবনে অভিভাবকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মনজুর মোহাম্মদ শাহরিয়ার ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।