উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অপরিকল্পিত নগরায়ণের ফলে দেশে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। কৃষিজমির পরিমাণ সংরক্ষণ ও অকৃষি কাজে এর অননুমোদিত ব্যবহার রোধে কঠোর নজরদারি ও নিয়মিত মনিটরিং করা হচ্ছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টু এমপির সভাপতিত্বে বৈঠকে মন্ত্রণালয়ের কার্যাবলি ও জনবল সংকট নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ে বিভিন্ন পদে থাকা ৬৬৫৩টি শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ করা হয়। আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের কার্যক্রম বন্ধ করে সরাসরি নিয়োগ প্রক্রিয়া চালুর কথা বলা হয়। এছাড়া খাদ্যে ভেজাল রোধে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে কঠোর নজরদারির ওপর জোর দেওয়া হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে শক্তিশালী করতে মিনি ল্যাবরেটরি স্থাপন ও মোবাইল ভ্যান সরবরাহের কাজ চলমান রয়েছে বলে জানানো হয়।
খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস-এর আওতায় ডিলার নিয়োগে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে যা স্বচ্ছতা আনবে। খাদ্য সরবরাহে উপকারভোগী নির্বাচনে কোনো ত্রুটি এড়াতে ডিজিটালাইজেশন অনুসরণের সুপারিশ করেন কমিটির সভাপতি। বৈঠকে মন্ত্রী আফরোজা খানম এমপি সহ কমিটির অন্যান্য সদস্য এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকলকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান কমিটির সভাপতি।