উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা দেশে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে দুই লাখের বেশি প্রশিক্ষিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় এসব সদস্যের পাশাপাশি বাহিনীর ১০৪টি স্ট্রাইকিং টিম টহলে থাকবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি সার্বজনীন পূজা উদ্যাপন কমিটির মণ্ডপ পরিদর্শন শেষে আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসব তথ্য জানান। পরিদর্শনকালে তিনি মাঠপর্যায়ে দায়িত্বরত সদস্যদের নিরাপত্তা প্রস্তুতি তদারকি করেন এবং পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।
মহাপরিচালক জানান, এবারের নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ, তথ্য বিনিময় এবং দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়া সহজ হবে। ডিজিটাল নজরদারির মাধ্যমে সার্বিক নিরাপত্তা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।
যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মেজর জেনারেল আবদুল মোতালেব। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা দেশের ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সহায়ক হবে।