উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) প্রধান কার্যালয়ের পাশাপাশি এর অধীনে একাধিক জোনাল কার্যালয় স্থাপন এবং ‘সিউক স্কুল অ্যান্ড কলেজ’ প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সিউক কার্যালয়ে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাথে অনুষ্ঠিত এক অংশীজন সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা জানান। অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তা বলেন, আমাদের আইনেই একাধিক জোনাল অফিস করার সুযোগ রয়েছে এবং স্থায়ী কার্যালয়টি প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে।
সিউক চেয়ারম্যান আরও বলেন, সিউকের পূর্ণাঙ্গ অধিকেন্দ্র এখনো চূড়ান্ত না হওয়ায় আপাতত সিটি করপোরেশন এলাকাকে কেন্দ্র করেই কার্যক্রম পরিচালিত হচ্ছে। যদিও আইনে সিটি করপোরেশন সংলগ্ন এলাকা এবং পর্যটন অঞ্চলগুলোর সার্বিক উন্নয়ন ও কর্মকাণ্ড সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হওয়ার সুস্পষ্ট বিধান রয়েছে। সমগ্র নগর নিয়ে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি এবং যা কিছু দিনের মধ্যে দৃশ্যমান হবে বলেও উল্লেখ করেন তিনি।
সিউকের নির্বাহী পরিচালক মো. সাদিউর রহিম জাদিদ ও বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের যৌথ পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাত্তরের কথার মাল্টিমিডিয়া ইনচার্জ মো. রাজু আহমদ, সিনিয়র সাংবাদিক শাহ মো. কয়েস আহমদ, অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এএইচ আরিফ ও দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার অনিতা সিংহাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।