উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের ঘিওরে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা এবং একটি সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে বিশাল মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ তারিখে সন্ধ্যা ৬টায় ঘিওর উত্তর পাড়ার আব্দুল মজিদ স্মৃতি ব্যাডমিন্টন একাডেমিতে এই সমাবেশের আয়োজন করা হয়। ঘিওর উত্তর পাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজের প্রতিনিধি ও সাধারণ গ্রামবাসী বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম জানান যে মাদক সমাজ ও পরিবারকে ধ্বংস করে এবং এর বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। তবে শুধু প্রশাসনিক আইনি ব্যবস্থা দিয়ে মাদক নির্মূল সম্ভব নয় বলে মন্তব্য করে তিনি সচেতনতা, পরিবারের নজরদারি এবং সামাজিক আন্দোলনের ওপর জোর দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এবং ঘিওর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবির। বক্তারা যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রাখার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে তরুণদের সচেতন হওয়ার ও সামাজিক ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে এলাকার তরুণদের মাদকমুক্ত জীবন গড়ার শপথ পাঠ করানো হয়।