উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীম হত্যাকাণ্ডে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতে ইসলামীকে জড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিযোগ করে এর তীব্র নিন্দা জানান তিনি। কোনো প্রকার নিরপেক্ষ তদন্ত ছাড়াই জামায়াতকে দায়ী করার অপচেষ্টার প্রতিবাদ জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যুর ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। তদন্ত সম্পন্ন হওয়ার আগেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতে ইসলামীকে এ ঘটনার সঙ্গে জড়ানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা কাউকে গণপিটুনি দিয়ে বিচারবহির্ভূত শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।
অপরাধের প্রকৃত তথ্যপ্রমাণ যাচাই না করে রাজনৈতিক দল বা সংগঠনকে দায়ী করলে প্রকৃত ঘটনা আড়াল হয়ে যেতে পারে বলে বিবৃতিতে জানানো হয়। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্তকরণ এবং নিহত ব্যক্তির পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া অভিযোগ প্রচার না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান জামায়াত নেতা।
উল্লেখ্য, ধর্ম অবমাননার অভিযোগ তুলে দফায় দফায় পিটুনিতে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবক নিহত হয়েছেন। গত ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে শামীমকে মারধরের খবর পেয়ে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। রাত ৮টা ৪০ মিনিটে একদল লোক হাসপাতালে ঢুকে তাঁকে ছিনিয়ে নিয়ে আবার মারধর করে এবং পরে সাতক্ষীরায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।