উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিমেন্ট খাতে প্রযুক্তিগত সহযোগিতা, দক্ষতা বিনিময় ও কৌশলগত বিনিয়োগের লক্ষ্যে চীনের গুয়াংসি ইউফেং কোং লিমিটেডের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি এবং বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড এই সমঝোতা স্মারক স্বাক্ষর করে। ঢাকার বসুন্ধরা সুপারগলফে আয়োজিত এক অনুষ্ঠানে এই গুরুত্বপূর্ণ সমঝোতা স্বাক্ষরিত হয়।
সমঝোতা অনুযায়ী, মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে উল্লেখযোগ্য বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে গুয়াংসি ইউফেংয়ের। এর আওতায় সিমেন্ট উৎপাদন-সংশ্লিষ্ট প্রযুক্তি হস্তান্তর, কারিগরি জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং কৌশলগত বিনিয়োগ নিয়ে সহযোগিতার কাঠামো গড়ে উঠবে। সহযোগিতার পরিধি ও বাস্তবায়নপদ্ধতি নির্ধারণে প্রতিষ্ঠানগুলোর মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।
বাংলাদেশ অ্যান্ড চায়না: বিল্ডিং দ্য ফিউচার টুগেদার প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহান। মেঘনা সিমেন্ট মিলস ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন তিনি এবং গুয়াংসি ইউফেংয়ের পক্ষে স্বাক্ষর করেন চেয়ারম্যান লেই ঝেনবিন।
এই অংশীদারিত্ব বাংলাদেশের সিমেন্ট খাতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ উদ্যোগের নতুন সুযোগ তৈরি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।