উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি। আগামী শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপ্রত্যাশী নারীরা ফরম সংগ্রহ করতে পারবেন। বৃহস্পতিবার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরম পূরণ করে আগামী শনিবার ১৭ অক্টোবর একই কার্যালয়ে জমা দিতে হবে। ওই দিনও সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম জমা নেওয়া যাবে। গত ২৪ সেপ্টেম্বর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে গত ১ অক্টোবর স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
ওই দিনই তাঁর সংরক্ষিত নারী আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। দল বা জোটের একক প্রার্থী না থাকলে এই আসনে ভোটাভুটির মাধ্যমে পরবর্তী সংসদ সদস্য নির্বাচিত হবেন।