উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক মো. ফখরুদ্দীন ভূঞা এবং তার স্ত্রী জাহানারা খানমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে বৃহস্পতিবার এই মামলা দুটি দায়ের করেন সংস্থাটির উপসহকারী পরিচালক ইব্রাহিম খলিল। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম মামলায় পুলিশ পরিদর্শক ফখরুদ্দীন ভূঞাকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়, তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৯০ লাখ ৯১ হাজার ২৬৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া তার কাছে ১ কোটি ৫৫ লাখ ৯৫ হাজার ৯১১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া গেছে, যেখানে তার বৈধ আয় ছিল ৬৩ লাখ ৮৩ হাজার ৯৫৭ টাকা।
তার বিরুদ্ধে ৯২ লাখ ১১ হাজার ৯৫৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি করা হয়। দ্বিতীয় মামলাটি দায়ের করা হয়েছে তার স্ত্রী জাহানারা খানমের বিরুদ্ধে। অসাদুপায়ে অর্জিত অর্থ বৈধ করার উদ্দেশ্যে স্ত্রীকে সহায়তার অভিযোগে এই মামলায় পুলিশ পরিদর্শক ফখরুদ্দীন ভূঞাকেও আসামি করা হয়েছে।
এজাহারের তথ্য অনুযায়ী, জাহানারা খানমের নামে ৮৩ লাখ ২২ হাজার ৩৭১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। সরকারি কর্মকর্তা স্বামী অবৈধ অর্থ দিয়ে স্ত্রীকে সম্পদ অর্জনে সহায়তা করায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি রুজু করা হয়।