উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আজ মঙ্গলবার ১৩ অক্টোবর সকালে যশোরের বেজপাড়া নলডাঙ্গা নতুন বাজার এলাকায় নিজ বাসার সামনে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী। স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয়ের গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সাথে ময়লা ফেলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে এই অনভিপ্রেত ঘটনা ঘটে।
তর্কাতর্কির সময় গ্যারেজের পাশে থাকা ইট দিয়ে অভিনেতা সমু চৌধুরীর মাথায় সজোরে আঘাত করেন মেকানিক জাহাঙ্গীর। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মাথায় আঘাত গুরুতর হওয়ায় সেখানে তার ৪টি সেলাই পড়ে।
প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরিয়ে আনা হয় এবং বর্তমানে তিনি সেখানেই সুস্থতার জন্য অবস্থান করছেন। ঘটনার সময় দোকানে ছিলেন না বলে জানিয়েছেন গ্যারেজের মালিক হৃদয়।
এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানিয়েছেন যে ইতোমধ্যে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং এই হামলার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।