উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবনার ফরিদপুর উপজেলায় বজ্রপাত নিরোধক তালগাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার ডেমড়া ব্রিজের দুই পাশে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাবনা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডেমড়া আলহাজ জয়েনউল্লাহ উচ্চ বিদ্যালয় ও ডেমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মসূচির শুরুতে ব্রিজের দুই পাশে দুই শতাধিক তালগাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত থেকে জানমাল রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, আগামী এক বছরের মধ্যে ফরিদপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে পর্যায়ক্রমে ৪০ হাজার তালগাছের চারা রোপণ করা হবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এই ধরনের কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা এবং প্রকল্প কর্মকর্তা মো. মানিকুজ্জামান। এছাড়াও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিজ, সম্পাদক মির্জা বাসিত, ইউপি চেয়ারম্যান জুয়েল রানা এবং প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও গোলাম মওলাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।