উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে প্রচারণায় নতুন গতি পেয়েছেন প্রার্থী ফ্লাভিও বলসোনারো। বেশ কয়েকটি নতুন রাজনৈতিক দলের সমর্থন নিশ্চিত করার মাধ্যমে তিনি তাঁর সম্ভাব্য ক্ষমতাসীন জোটের একটি প্রাথমিক রূপ তুলে ধরেছেন। আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার নির্বাচনে তিনি বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার মুখোমুখি হবেন।
প্রথম দফার নির্বাচনে প্রত্যাশার চেয়ে ভালো ফল করার পর ডানপন্থী আইনপ্রণেতা ফ্লাভিওকে সমর্থন দিতে শুরু করেছে বেশ কয়েকটি মধ্য-ডান ও ডানপন্থী দল। এর ফলে তিনি জয়ী হলে কংগ্রেসের উভয় কক্ষেই তাঁর জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে রয়েছে। বর্তমানে ব্রাজিলের কংগ্রেস অত্যন্ত বিভক্ত থাকায় আইন প্রণয়নের জন্য শক্তিশালী জোট গঠন করা অপরিহার্য।
ফ্লাভিওকে সমর্থন জানানো দলগুলোর মধ্যে রয়েছে পিপি, উনিয়াও ব্রাসিল, রিপাবলিকানোস এবং পোদেমোস। এছাড়া মিনাস জেরাইসের সাবেক গভর্নর রোমেউ জেমা, গোয়াসের সাবেক গভর্নর রোনালদো কায়াদো এবং লেখক অগুস্তো কুরিও তাঁর প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। মিত্রদের এই সমর্থনকে স্বাগত জানিয়ে ফ্লাভিও বলেন, ‘এই আনুষ্ঠানিক সমর্থনে আমি খুবই আনন্দিত। এভাবেই আমরা ব্রাজিলকে পুনর্গঠন করতে যাচ্ছি।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লিবারেল পার্টি ও মিত্ররা নিম্নকক্ষের ২৮০টির বেশি আসন এবং সিনেটের ৫০টি আসন নিয়ন্ত্রণ করতে পারে। কংগ্রেসে এমন শক্তিশালী অবস্থান থাকলে ফ্লাভিওর পক্ষে মুক্তবাজার অর্থনৈতিক সংস্কার এবং বিচার বিভাগে পরিবর্তন আনা সহজ হবে। এছাড়া অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত তাঁর বাবার জন্য ক্ষমা পাওয়ার পথও সুগম হতে পারে।
অন্যদিকে, দ্বিতীয় দফার ভোটের আগে নতুন কোনো বড় সমর্থন টানতে হিমশিম খাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা। প্রথম দফার আগেই তিনি বেশিরভাগ মধ্য-বাম ও বামপন্থী দলের সমর্থন পেয়েছিলেন। তাই দ্বিতীয় দফার লড়াইয়ে জয় নিশ্চিত করতে লুলা এখন তাঁর নির্বাচনী প্রচার কৌশল নতুন করে সাজাচ্ছেন বলে জানা গেছে।