উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রান্তিক জনগোষ্ঠীর বিচারপ্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি বিচারব্যবস্থার ওপর চাপ কমাতে আইনগত সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর করার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত চিফ লিগ্যাল এইড অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে কাজ করার মাধ্যমে কর্মকর্তারা সাধারণ মানুষের জীবন ও বাস্তবতার যে অভিজ্ঞতা অর্জন করছেন, তা তাঁদের বিচারিক দক্ষতা ও রায় প্রদানের মান বৃদ্ধিতে সহায়ক হবে। তিনি আরও জানান, কর্মকর্তাদের উত্থাপিত যানবাহন ও ছুটিসংক্রান্ত সমস্যাগুলো সমাধানে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে লিগ্যাল এইড কার্যক্রমের অগ্রগতির একটি ইতিবাচক চিত্র তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করে মন্ত্রী বলেন, জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করলে বিচারব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। উল্লেখ্য, প্রথমবারের মতো আয়োজিত এই তিন দিনব্যাপী প্রশিক্ষণে ৩৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।