উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
খোলাবাজারে পণ্য বিক্রির কর্মসূচি (ওএমএস) এবং খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগের জন্য নতুন নীতিমালা তৈরির কাজ শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের আশা, এই নীতিমালা বাস্তবায়িত হলে ডিলার নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।
বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের জনবল সংকট নিয়ে আলোচনা করা হয়েছে। বর্তমানে মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য রয়েছে। কমিটির পক্ষ থেকে আউটসোর্সিংয়ের পরিবর্তে দ্রুত সরাসরি নিয়োগের মাধ্যমে এই শূন্য পদগুলো পূরণের সুপারিশ করা হয়েছে।
এছাড়া অপরিকল্পিত নগরায়ণের কারণে কৃষিজমি কমে যাওয়ার বিষয়টি বৈঠকে গুরুত্ব পেয়েছে। কৃষিজমির অননুমোদিত ব্যবহার রোধে নিয়মিত মনিটরিং ও কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে তদারকি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবদুস সালাম পিন্টু। এতে খাদ্যমন্ত্রী আফরোজা খানমসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে জনগণের দোরগোড়ায় নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।