উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে নেওয়ার পথে ৮০ লাখ টাকা মূল্যের ১৯৭ রোল আমদানি করা কাপড়সহ একটি ট্রাক উধাও হয়ে যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ গোলাম রহমান মুন্না ও মোহাম্মদ আমানুল্লাহ নামে দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের হালিশহর থানার বড়পুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৮ অক্টোবর চালক মো. ইয়াসিন কাপড়গুলো নিয়ে রওনা হওয়ার পর নির্ধারিত গন্তব্যে পৌঁছাননি। জিপিআরএস ট্র্যাকিংয়ের মাধ্যমে ট্রাকটি ঢাকার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। পরবর্তীতে গত ১২ অক্টোবর গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে খালি ট্রাকটি উদ্ধার করা হলেও কাপড়গুলো পাওয়া যায়নি।
এ ঘটনায় মাইশা এন্টারপ্রাইজ, শাহরিয়ার অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে ১৩ অক্টোবর টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ রয়েছে, চালক ইয়াসিন অজ্ঞাত আরও কয়েকজনের যোগসাজশে মালামালগুলো সরিয়ে ফেলেছেন। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।