উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলোর পাশাপাশি গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হচ্ছে। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠে থেকে দায়িত্ব পালন করবেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান। তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় রক্ষা করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।
বিজিবি পরিচালক জানান, দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে রয়েছে প্রায় ১ হাজার ৪২৫টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ১ হাজার ১১৯টি পূজামণ্ডপ রয়েছে। এ ছাড়া দুর্গম ও দূরবর্তী এলাকায় রয়েছে আরও ১৮৩টি পূজামণ্ডপ।
তিনি বলেন, পূজামণ্ডপগুলো ইতোমধ্যে সরেজমিনে পরিদর্শন করে যাতায়াত ও সার্বিক পরিবেশ বিবেচনায় নিয়ে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। দুর্গম এলাকার মণ্ডপগুলোতে নিরাপত্তা সহায়তা নিশ্চিত করতে প্রায় ২১টি বেজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
নিরাপত্তা সমন্বয়ে ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশন ব্যবহার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিজিবি সদর দপ্তর ও মাঠপর্যায়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে। পাশাপাশি পূজার সময় যেকোনো ধরনের গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে বিশেষ নজরদারি বজায় থাকবে।