উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সাত দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের (আইসিপি) মাধ্যমে পরিচালিত দুই দেশের বাণিজ্য কার্যক্রম আগামী ১৭ থেকে ২১ অক্টোবর এবং ২৫ ও ২৬ অক্টোবর বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আগরতলার ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টারের পক্ষ থেকে আগরতলা স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট অব কাস্টমসের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও বাংলাদেশের ব্যবসায়ীদেরও বিষয়টি অবহিত করা হয়েছে।
চিঠি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত তিন দিন স্বাভাবিক নিয়মে বাণিজ্য কার্যক্রম চলবে। এরপর লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ ও ২৬ অক্টোবর আরও দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এবং আগামী ২৭ অক্টোবর থেকে পুনরায় নিয়মিত কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেসার উদ্দিন ভূঁইয়া বন্দর বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (১৬ অক্টোবর) মাছ রপ্তানিও বন্ধ রাখা হয়েছে এবং বন্দর বন্ধ থাকার বিষয়টি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে।