উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানী নয়াদিল্লির কনট প্লেসে জাতীয় পতাকা ওড়ানোর আগেই গ্রেপ্তার হওয়ার আশঙ্কা করছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দিপকে। শুক্রবার বিকেলে এই কর্মসূচি পালনের কথা থাকলেও বৃহস্পতিবার গভীর রাতে সংবাদ সম্মেলনে তিনি এই শঙ্কার কথা জানান।
অভিজিৎ দিপকে অভিযোগ করেন, তাঁর অবস্থানের চারদিকে সাদাপোশাকের পুলিশ ও নম্বরপ্লেটহীন গাড়ি অনবরত ঘুরছে। তাঁকে অনুসরণ করা হচ্ছে এবং তাঁর বাড়ির রক্ষীদের সঙ্গেও পুলিশ বারবার কথা বলছে বলে তিনি দাবি করেন।
সিজেপির প্রতিষ্ঠাতাপ্রধান জানান, দেশের জাতীয় পতাকা ওড়ানোর অপরাধে কারাগারে যেতে হলেও তিনি প্রস্তুত। শুক্রবার বিকেল পাঁচটায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে এই কর্মসূচিতে অংশ নিতে তিনি দলমত-নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।
দিল্লি পুলিশ জানিয়েছে, এই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি এবং সেন্ট্রাল পার্ক শুক্র ও শনিবার বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেন্ট্রাল পার্কে ছয় হাজার এবং মধ্য দিল্লিতে সব মিলিয়ে ৩২ হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
এলাকায় চার বা তার বেশি মানুষের জড়ো হওয়া নিষিদ্ধ করে ১৬৩ ধারা জারি করা হয়েছে। এর আগে কনট প্লেসের ব্যবসায়ীরা এই কর্মসূচি আটকাতে দিল্লি হাইকোর্টে মামলা করলেও আদালত কোনো নিষেধাজ্ঞা জারি করেননি।
সরকারের এই কঠোর নিরাপত্তার সমালোচনা করে দিপকে প্রশ্ন তোলেন, তেরঙ্গা ঝান্ডাকে সরকার কেন এত ভয় পাচ্ছে। সিজেপির আইনি সেলের প্রধান রত্না সিংকে পাশে বসিয়ে তিনি অভিযোগ করেন, এটি জরুরি অবস্থা ছাড়া আর কিছু হতে পারে না।
সংবাদ সম্মেলনে দিপকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরিয়ে একজন নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগের দাবি জানান। তিনি বলেন, তাঁরা মহাত্মা গান্ধী ও বাবাসাহেব আম্বেদকরের অনুগামী হিসেবে শান্তিপূর্ণভাবে পতাকা উত্তোলন করতে চান।