উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুরে সরকারি স্থাপনা নির্মাণের খবরে উচ্ছেদের আশঙ্কা থেকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের পরিদর্শনের সময় এ বিক্ষোভ হয়। এ সময় বাসিন্দাদের সঙ্গে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের বাগবিতণ্ডা, ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবিকে লাঠিচার্জ করতে দেখা গেছে। জুমার নামাজের পর জঙ্গল সলিমপুরের আলীনগর স্কুলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করতে যান এসপি মো. মাসুদ আলম। তার আগমনের খবর পেয়ে সেখানে নারীসহ স্থানীয় বাসিন্দারা জড়ো হন এবং তাদের হাতে ছিল লিফলেট।
পুলিশ বলছে, সরকারি স্থাপনা নির্মাণের পরিকল্পনা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তি রয়েছে। এ কারণে তাদের একাংশ বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছু বিভ্রান্তি রয়েছে এবং তারা আশঙ্কা করছেন সরকারি স্থাপনা নির্মাণের জন্য তাদের উচ্ছেদ করা হবে।
তিনি আরও জানান, এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলা হয়েছে এবং সরকারি প্রয়োজনে ব্যক্তি মালিকানাধীন জমি প্রয়োজন হলে আইন অনুযায়ী অধিগ্রহণ করতে হবে। খাসজমির ক্ষেত্রে সরকারি নিয়ম মেনেই ব্যবস্থা নেওয়া হবে এবং স্থানীয়দের আশ্বস্ত করা হয়েছে যে তাদের জোর করে উচ্ছেদ করা হবে না।
গত ৮ অক্টোবর সচিবালয়ে জঙ্গল সলিমপুরের অবকাঠামো উন্নয়ন নিয়ে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সেখানে রাজশাহীর সারদার আদলে একটি পুলিশ অ্যাকাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই এলাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে এবং এ জন্য ৭২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।