উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাবেক অধিনায়ক জাহানারা আলম আবারও জাতীয় দলের হয়ে মাঠে নামার ইচ্ছা প্রকাশ করেছেন। লাল-সবুজের জার্সিতে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল প্রায় দুই বছর আগে। এরপর মানসিক স্বাস্থ্যের কারণে বিরতি নিয়ে তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এবং সেখানে ক্লাব ক্রিকেট খেলছিলেন।
গত বছরের ডিসেম্বরে নিজের সঙ্গে ঘটে যাওয়া মানসিক ও যৌন হয়রানির ঘটনা প্রকাশ্যে এনেছিলেন এই ক্রিকেটার। তবে দীর্ঘ বিরতি কাটিয়ে এবার নতুন বোর্ডের কাছে জাতীয় দলে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। এ বিষয়ে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু ইতিবাচক সাড়া দিয়েছেন।
রফিকুল ইসলাম বাবু জানান, জাহানারা দেশের হয়ে আবার খেলতে চান এবং বিষয়টি বোর্ডকে অবহিত করেছেন। তবে তাকে জাতীয় দলে ফিরতে হলে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সের পাশাপাশি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাকে।
নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেন, জাহানারা ফিরতে চাইলে তাকে স্বাগত জানানো হবে। যেহেতু তিনি দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন, তাই তার ফিটনেস ও বর্তমান স্কিল যাচাই করা প্রয়োজন। ঘরোয়া টুর্নামেন্টে ভালো করলে নির্বাচকরা তাকে পুনরায় বিবেচনার সুযোগ পাবেন।