উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সরকারি স্থাপনা নির্মাণের খবরে উচ্ছেদের আশঙ্কায় বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার ১৬ অক্টোবর দুপুরে আলীনগর এলাকায় লিফলেট হাতে তারা এই বিক্ষোভ করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পুলিশ ও বিজিবি সদস্যদের লাঠি হাতে বিক্ষোভকারীদের দিকে এগিয়ে যেতে দেখা যায়।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছেদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি বলেছেন, সরকারি প্রয়োজনে ব্যক্তিমালিকানাধীন জমি প্রয়োজন হলে আইন অনুযায়ী অধিগ্রহণ করতে হবে। খাসজমির ক্ষেত্রেও সরকারি নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের জোর করে উচ্ছেদ করা হবে না বলে তাদের আশ্বস্ত করা হয়েছে। শুক্রবার বিকেলে মুঠোফোনে এসপি মো. মাসুদ আলম জানান যে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
এর আগে গত ৮ অক্টোবর সচিবালয়ে জঙ্গল সলিমপুরের অবকাঠামো উন্নয়ন নিয়ে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সেখানে রাজশাহীর সারদার আদলে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই এলাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের পরিকল্পনাও রয়েছে। এ জন্য ৭২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। সেখানে পুলিশ ছাড়াও বিজিবি, এসআরবি ও এপিবিএন-এর স্থাপনা নির্মাণের জন্য জায়গা নেওয়ার কথা জানানো হয়।