উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের দুই দিন পর ফারুক উদ্দিন নামে এক দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার জাফতনগর ইউনিয়নের মুফতি বাড়ির সামনের পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। মৃত ফারুক উদ্দিন ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে এবং তিনি এক সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ফারুক উদ্দিন। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। অবশেষে শুক্রবার সকালে বাড়ির সামনের পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়।
জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন জিয়া জানান, ফারুক দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশের অনুমতি নিয়ে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে ফারুক চলাফেরায় ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে।