উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। শুক্রবার (১৬ অক্টোবর) বিএফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধের ৮০ শতাংশই নির্ভর করে জনসচেতনতার ওপর। তবে এর জন্য সরকারের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিয়মিত মনিটরিং করছেন।
শহরে প্লাস্টিক ও পলিথিনের যত্রতত্র ব্যবহারের ফলে কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হচ্ছে উল্লেখ করে আবদুস সালাম নগরবাসীকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অনুরোধ জানান। তিনি আরও বলেন, বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্যতা পেলে দ্রুততম সময়ে ডেঙ্গুর ভ্যাকসিন আমদানির প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
অনুষ্ঠানে ডেঙ্গুবিরোধী অভিযানে আদায় করা জরিমানার অর্থ মৃত ব্যক্তিদের পরিবারকে দেওয়ার একটি প্রস্তাব তিনি সানন্দে গ্রহণ করেন এবং বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার আশ্বাস দেন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণও এসময় চিকিৎসা সুবিধা বাড়ানোর ওপর জোর দেন।
‘ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের চেয়ে নাগরিক সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক এই বিতর্কে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বিজয়ী হয়। তারা কবি কাজী নজরুল সরকারি কলেজকে পরাজিত করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও সনদ বিতরণ করা হয়।