উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের আনোয়ারায় দুর্গাপ্রতিমা নিতে এসে এক ভ্যানচালকের সঙ্গে কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার জয়কালী বাজার এলাকায় এই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়।
এ ঘটনায় প্রতিমা নিতে আসা এক তরুণকে মারধরের অভিযোগ উঠলেও, প্রতিমা ভাঙচুর বা শিল্পালয়ে হামলার কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ। পরে রাতে দুই পক্ষের দুজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের বিরোধ মীমাংসা করা হয়।
আনেয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একটি মহল পরিকল্পিতভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে জানিয়েছেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের প্রতিনিধি নির্মল কান্তি শীল।