উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী জগতার পাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম জেলা পরিষদের সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীনের পক্ষে এসব উপহার ও আর্থিক অনুদান বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবেন। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই এবং আমরা সবাই বাংলাদেশি। প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
বক্তারা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সবাই যেন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। চট্টগ্রাম সম্প্রীতির এলাকা এবং এখানে সবাই মিলেমিশে থাকবেন।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শরীফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপহার ও আর্থিক অনুদান বিতরণের মাধ্যমে দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এই উদ্যোগের মূল উদ্দেশ্য।