উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পরিবেশ ও বন রক্ষায় গৃহীত সিদ্ধান্ত ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনসচেতনতামূলক কার্যক্রমের পৃথক পরিকল্পনা রাখার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, অনেক বছর ধরে ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় প্রথম বা দ্বিতীয় স্থানে উঠে আসছে যা দেশের জন্য লজ্জার বিষয়। এ পরিস্থিতি পরিবর্তনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে এবং ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।
বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়ন বিষয়ক সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, সভায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ এবং ভারপ্রাপ্ত সচিব ফাহমিদা খানমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন যে নির্ধারিত দায়িত্বের বাইরেও তাদের কিছুটা বেশি কাজ করার সক্ষমতা রয়েছে এবং দেশের মানুষের জন্য কিছু করার সুযোগকে কাজে লাগাতে হবে। আগামী ছয় মাসের মধ্যে দেশের মাদার ট্রি চিহ্নিত করে সংরক্ষণের পাশাপাশি গাছ লাগানোর নিয়মিত পরিচর্যা ও তদারকি নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া পার্বত্য চট্টগ্রামে বনায়ন বাড়ানো, ছাদ ও স্কুলবাগান তৈরিতে উৎসাহিত করা এবং প্রকৃতির মাঝে মানুষের জায়গা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।