উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হিন্দু সম্প্রদায়ের মানুষদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যে সময়ে তাঁদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার সুরক্ষিত থাকবে, সেই সময়কে বিবেচনায় নিয়ে তাঁদেরই সমর্থন জানানো উচিত। আজ শুক্রবার বিকেলে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা আপনাদের বিবেকের কাছেই দায়ী থাকবেন এবং যে সময়ে সবচাইতে বেশি স্বাধীনতা ও নাগরিক অধিকার ভোগ করবেন, সেখানে আপনাদের সর্বোচ্চ সমর্থনও থাকবে। অতীতে অনেকে হিন্দুদের ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীন নাগরিক হিসেবে আপনারা নিজেরাই বিচার করবেন কোন সময়ে আপনাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার সুরক্ষিত থাকে।
সরকার সব ধর্মের মানুষের বিশ্বাস ও রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শনের নীতিতে বিশ্বাস করে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আগামী বছরগুলোতেও হিন্দু সম্প্রদায়ের মানুষ শারদীয় দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব যেন স্বাধীনভাবে ও মহা আনন্দে উদ্যাপন করতে পারেন, সে জন্য সরকার সহযোগিতা করবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল বলেন, দুর্গা মা আমাদের মনে করিয়ে দেয় যে সবচেয়ে কঠিন অন্ধকার রাতের পরে আলোর জয় হয়। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির বলেন, দুর্গাপূজার মূল বিষয় অন্যায়, অবিচার ও বৈষম্য দূর করা এবং বাংলাদেশ পুলিশও এই একই কাজ করতে চায়।
এই অনুষ্ঠানে নেপাল, ভ্যাটিকান, সুইডেন, নরওয়ে ও ক্যামেরুনসহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরাও দুর্গাপূজা উদ্যাপনে নিজেদের অনুভূতি তুলে ধরেন এবং অনেকে বাংলায় শুভেচ্ছা বক্তব্য দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।