উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইয়েমেনের এডেন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে যে বন্দরনগরী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদে প্রাণঘাতী হামলার পরদিন এই ঘটনা ঘটেছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানি জানান, গত শুক্রবার এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
ঘটনার সময় একটি যাত্রীবাহী উড়োজাহাজ উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল এবং উড়োজাহাজটি থেকে মাত্র ৫০০ মিটার বা প্রায় ১,৬৪০ ফুট দূরে ক্ষেপণাস্ত্রগুলো গিয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে আল-এরিয়ানি উল্লেখ করেন যে উড়োজাহাজের যাত্রী ও ক্রুরা সবাই নিরাপদে আছেন। সম্ভাব্য ভয়াবহ মানবিক বিপর্যয় এড়ানোয় তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেন।
এর আগে গত বৃহস্পতিবার এডেনে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের চালিত ক্ষেপণাস্ত্র হামলায় ৫ জন নিহত ও ১৬ জন আহত হন। সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কার্যক্রম এই প্রাসাদ থেকেই পরিচালিত হয়ে থাকে। অন্যদিকে, হুতিদের এক সামরিক সূত্রের বরাতে জানা গেছে যে তারা এডেন প্রদেশে বদর সামরিক শিবিরে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর কমান্ড সদর দপ্তর ও অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে।