উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ শনিবার দেশের সব সরকারি দফতরের পাশাপাশি তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারের স্বাভাবিক লেনদেন কার্যক্রম চালু থাকছে। মূলত দুর্গাপূজার সরকারি ছুটির সাথে সমন্বয় করতেই এই বিশেষ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক ও সরকারি অফিস টানা পাঁচ দিন বন্ধ থাকবে। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার তিন দিনের ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সব ব্যাংকের লেনদেন ও দাফতরিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২২ অক্টোবরের নির্বাহী আদেশের ছুটির বিপরীতেই ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটির দিনে সাধারণ কর্মদিবসের মতো ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ও পূজার ছুটি সমন্বয় করে এই কার্যদিবস পুনর্নির্ধারণের প্রজ্ঞাপন জারি করে।
ফলে আজ ব্যাংক ও শেয়ারবাজারে অন্যান্য সাধারণ কর্মদিবসের মতোই স্বাভাবিক লেনদেন চলবে। সরকারি ছুটির সাথে সামঞ্জস্য রেখে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।