উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অস্ট্রেলিয়া সফরেও নিজেদের হতাশা কাটাতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ১৭২ রানে অলআউট হয়ে স্বাগতিকদের কাছে ৮ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। ফলে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পেলো বাংলাদেশের মেয়েরা।
ব্রিসবেনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। মাত্র ১৮ রানের ব্যবধানে সাজঘরে ফিরে যান দলের প্রথম তিন ব্যাটার। এরপর শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের দায়িত্বশীল অর্ধশতকের সুবাদে দেড়শ রানের গণ্ডি পার হয় দলীয় সংগ্রহ।
দলের পক্ষে শারমিন ৯৩ বলে ৫০ রান করেন এবং স্বর্ণা ৭১ বলে ৫৪ রান সংগ্রহ করেন। ওয়ানডে ক্রিকেটে এটি স্বর্ণার ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। তবে এই দুই ব্যাটার ছাড়া বাকিদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
জবাবে ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই উইকেট হারালেও জয়ের পথে বড় কোনো বাধার মুখে পড়েনি অস্ট্রেলিয়া। এলিস পেরির অপরাজিত ৬৫ এবং অ্যানাবেল সাদারল্যান্ডের অপরাজিত ৭৪ রানের সুবাদে ১৬৪ বল হাতে রেখেই সহজ জয় নিশ্চিত করে স্বাগতিকরা।