উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে উদযাপিত হচ্ছে মহাসপ্তমী। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এবার মহাসপ্তমী পালিত হচ্ছে দুই দিনব্যাপী। এর প্রথম দিন শনিবার সকাল ৭টা ৩৯ মিনিট থেকে সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবী দুর্গার নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও মহাসপ্তমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল রোববার সকালে মহাসপ্তমীর দ্বিতীয় দিনের বিহিত পূজা সম্পন্ন হবে। এর আগে শুক্রবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শারদোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। ওই দিন সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলাঙ্গনের বেলতলায় মন্ত্রপাঠ, শঙ্খ, ঘণ্টা, কাঁসর ও ঢাকের বাদ্যে দেবীর ষষ্ঠীপূজা অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন হয়।
সনাতন শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, এবার মর্ত্যলোকে দেবী দুর্গার আগমন ঘটেছে ঘোটকে অর্থাৎ ঘোড়ায় চেপে এবং দেবী কৈলাসে ফিরবেন নৌকায়। উৎসবের নির্ঘণ্ট অনুযায়ী, আগামী সোমবার মহাঅষ্টমী, মঙ্গলবার মহানবমী এবং বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে পাঁচ দিনব্যাপী এই উৎসবের।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য মতে, এবার সারা দেশে মোট ৩৩ হাজার ৮৫টি পূজামণ্ডপে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও নিরাপদ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এর মধ্যে কেবল রাজধানী ঢাকা মহানগরীতেই ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।